সোহেল রানা । রাউজানটাইমস :
চট্টগ্রামের রাউজানে পাখি আকতার (৫৩) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাদার পাড়া গ্রামের স্বামীর সেমি পাকা ঘরের আঁড়ার সঙ্গে রশি পেছানো অবস্থায় ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ।
পরে এদিন দুপুরে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে পাঠানো হয় লাশটি। নিহত পাখি আকতার ওই গ্রামের খলিফার বাড়ির মুহাম্মদ বাহাদুরের স্ত্রী। তিনি দুই ছেলে এবং দুই কন্যা সন্তানের মা।
পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানাগেছে, গতকাল মঙ্গলবার রাত ১২ টার দিকে ওই নারী স্বামীসহ একটি কক্ষে ঘুমিয়ে পড়েছিলেন। বুধবার ভোর রাত পাঁচটার দিকে তাঁর স্বামী মুহাম্মদ বাহাদুর ঘুম থেকে উঠে ঘরের মাঝখানের একটি খোলা কক্ষে ঘরের আাঁড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই নারীকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে বুধবার সকাল ১০ টার দিকে স্থানীয় নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির একদল পুলিশ এসে লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।
পুলিশ বলছে, পরিবারের কাছ থেকে খবর পেয়ে ওই নারীকে তাঁরা ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করেন। তবে ওই নারীর পা মেঝে থেকে ৬ থেকে ৭ ইঞ্চি ফাঁকা ছিলো।
নিহতের স্বামী মুহাম্মদ বাহাদুর ও ছেলে মুহাম্মদ বাবুল বলেন, ৭ থেকে ৮ টি ব্যাংক ও এনজিও সংস্থা থেকে মাসিক কিস্তিতে ঋণ নিয়েছিলেন। সপ্তাহে তাঁর ১৮ থেকে ২০ হাজার টাকা ঋণ শোধ করতে হতো। ঋণের চাপ থেকে তিনি আত্মহত্যা করতে পারেন।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তাঁরা উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওই নারীর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া করছেন। ময়না তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রাউজান টাইমস 24
নোয়াপারা পথেরহাট, রাউজান চট্টগ্রাম
Managing
Editor :01819-372985
Contact us:
raozantimes24@gmail.com